বাংলায় ৫০,০০০ কোটি টাকার মেগা বিনিয়োগ পরিকল্পনা: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক JSW গ্রুপের সজ্জন জিন্দালের

পশ্চিমবঙ্গে বিপুল অঙ্কের বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা উসকে দিল জেএসডব্লিউ (JSW) গোষ্ঠী। সম্প্রতি রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল।

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্যে প্রায় ৫০,০০০ কোটি টাকার একটি সামগ্রিক বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা হয়েছে।

মোট প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ—প্রায় ৪০,০০০ কোটি টাকা শক্তি বা বিদ্যুৎ খাতে নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে।

অবশিষ্ট ১০,০০০ কোটি টাকা সিমেন্ট, ইস্পাত, বন্দর (Ports) এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।

সালবনি প্রকল্পের সম্প্রসারণ:
বৈঠক শেষে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের সালবনিতে জেএসডব্লিউ-এর বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কাজ দ্রুত শুরু হতে চলেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে এই নতুন ইউনিটের ভূমিপূজন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে, যার আগে ডিসেম্বরে প্রয়োজনীয় গণশুনানি সম্পন্ন হবে।

বৈঠকটিকে “অত্যন্ত ইতিবাচক” বলে বর্ণনা করে সজ্জন জিন্দাল জানান, রাজ্যের শিল্পায়নের গতি বাড়াতে এবং পরিকাঠামো দৃঢ় করতে জেএসডব্লিউ রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *