বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি দীপাবলির জন্য তাঁর সাজসজ্জাকে কেন্দ্র করে নতুন বিতর্কের মুখোমুখি হয়েছেন। যদিও তাঁর রাজকীয় পোশাক ও ঐতিহ্যগত গয়না প্রথমে অনুরাগীদের নজর কাড়ে, তবে পরবর্তীতে তাঁর গলায় থাকা একটি প্রাচীন পান্নার লকেট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই ৩০ ক্যারেটের মূল্যবান রত্নে পবিত্র কোরানের আয়াত খোদাই করা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ধর্মীয় নিদর্শনকে ফ্যাশন অ্যাকসেসরির মতো উপস্থাপন করার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মধ্যপ্রদেশের কংগ্রেস মুখপাত্র ও সমাজকর্মী আব্বাস হাফিজের পক্ষ থেকে কারিনা কাপুর খান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং স্টাইলিস্ট রিয়া কাপুরকে এই নোটিশ দেয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট ছবিগুলি অবিলম্বে মুছে ফেলতে হবে এবং অভিনেত্রীকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
জানা গেছে, কারিনার পরনের পান্নার লকেটটি কোরানের দ্বিতীয় অধ্যায়, সুরা আল-বাকারার বিখ্যাত আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। ইসলামে এই আয়াতটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন আব্বাস হাফিজ। তাঁদের আইনজীবী মহম্মদ জাফর সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, তাঁদের আপত্তির কারণ হচ্ছে অভিনেত্রীর ব্যক্তিগত গয়না বা পোশাক নয়, বরং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি আয়াতকে ফ্যাশনের উপাদান হিসেবে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করাকে তাঁরা সমস্যাস্বরূপ মনে করছেন। তাঁদের মতে, এই ধরনের উপস্থাপনা মুসলিম সম্প্রদায়ের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।
তবে এই গয়নার একটি দীর্ঘ পারিবারিক ইতিহাসও রয়েছে। প্রায় ২০০ বছরের পুরনো এই পান্নার লকেট একসময় ভোপালের রাজপরিবারের সদস্য বেগম সাজিদা সুলতানের সংগ্রহে ছিল। সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের কন্যা এবং সইফ আলি খানের ঠাকুমা। সইফ আলি খানের পারিবারিক সূত্র ধরেই এই ঐতিহাসিক গয়না এসেছে কারিনার কাছে।
দীপাবলির বিশেষ সাজে কারিনা কাপূর পরেছিলেন রূপালী কাফতান এবং সেটির সঙ্গে মানানসই পাগড়ি। তার সাজে আরও যোগ হয়েছিল ভোপালের নবাবের ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী কলগি এবং একটি পান্নার হার। গোটা সাজের পরিকল্পনায় ছিলেন স্টাইলিস্ট রিয়া কাপূর, যিনি সোশ্যাল মিডিয়ায় করিনার এই রাজকীয় লুকের ছবিও শেয়ার করেছেন।
এদিকে, এই আইনি পদক্ষেপের সঙ্গে কংগ্রেস দলের কোন আনুষ্ঠানিক যোগাযোগ নেই বলে জানিয়েছেন আব্বাস হাফিজ। তিনি জানিয়েছেন, একজন মুসলিম হিসেবে তার ব্যক্তিগত অবস্থান থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি দলীয় নির্দেশনা বা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে হয়। হাফিজ আরও উল্লেখ করেন, নির্দিষ্ট দাবি পূরণ না হলে প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হওয়া কিংবা আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হতে পারে।
সব মিলিয়ে, করিনার দীপাবলির রাজকীয় সাজকে ঘিরে তৈরি হয়েছে ধর্মীয় অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা এবং ঐতিহাসিক পারিবারিক ঐতিহ্যের এক জটিল বিতর্ক। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারিনা কাপুর খানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।