বারাসাতের সূর্যতোরণ আন্তর্জাতিক শিল্পগ্রাম সাম্প্রতিক দিনগুলিতে রঙ, সৃজনশীলতা ও শিল্পচর্চার এক অসাধারণ মিলনস্থলে পরিণত হয়েছে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সহায়তায় ‘রোদ্দুরের শতশিল্পী সমন্বয়’-এর উদ্যোগে আয়োজিত চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী এবার গৌরবের সাথে প্রবেশ করেছে তার ২৫ তম বর্ষে। ৬ মার্চ থেকে শুরু হওয়া এই তিন দিনের শিল্পউৎসব একদিকে শিল্পীদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটাচ্ছে, অন্যদিকে তা শিল্পপ্রেমীদের জন্যও একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে।
৬ মার্চের বর্ণময় উদ্বোধনের শোভা পেল এই প্রদর্শনী। অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাস্কর শ্রী তারক গোরাই। তাঁর হাতেই অনুষ্ঠিত হয় প্রদর্শনী ও প্রদর্শনশালার আনুষ্ঠানিক উদ্বোধন, যা এ শিল্পসম্ভারের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানবিক উদ্যোগ হিসেবে রক্তদান শিবির। শিল্প, সংস্কৃতি ও সমাজসেবার এই সম্মিলিত আয়োজনের ফলে প্রথম দিনটি হয়ে ওঠে অত্যন্ত প্রনস্পোর্শী।

পরবর্তীকালে, অর্থাৎ দ্বিতীয় দিনে, প্রদর্শনী প্রাঙ্গণ ছিল সমানভাবে জীবন্ত। শিশু, কিশোর এবং প্রবীণ—বিভিন্ন প্রজন্মের শিল্পীরা নিজেদের সৃষ্টিশীলতা ক্যানভাস ও ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করেন। প্রদর্শনী এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে নানান ভাবনা, রঙ এবং শিল্পের বৈচিত্র্যময় ভাবনা। একই সঙ্গে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশকে আরও উজ্জীবিত করে তোলে। দর্শক ও শিল্পীদের সমাবেশে দিনটি পরিণত হয় এক প্রাণময় শিল্পোৎসবে।
আজ, ৮ মার্চ, এই তিন দিনব্যাপী শিল্পউৎসবের শেষ দিন। আজকের দিনটি নিবেদিত হয়েছে প্রতিটি অংশগ্রহণকারী শিল্পীকে সম্মান জানানোর জন্য। এই সম্মাননা কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতিই নয়; এটি নবীন ও প্রবীণ শিল্পীদের প্রতি উৎসাহ এবং সমর্থনের চিহ্ন—যা তাঁদের স্বপ্ন অনুসরণের প্রেরণা।
রোদ্দুরের এই উদ্যোগ আবারো প্রমাণিত করল—শিল্প নিছক একটি নান্দনিক বিষয় নয়, বরং এটি মানুষের স্বপ্ন, অনুভূতি এবং সৃজনশীলতার এক উজ্জ্বল প্রতিফলন। এই উপলব্ধির আলোতে আলোকিত হয়েছে বারাসাতের সূর্যতোরণ আন্তর্জাতিক শিল্পগ্রাম।