মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে অনেক যাত্রী দুবাইয়ে আটকে পড়েছেন এবং ফলে ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তিনি ঘোষণা করেছেন যে, দুবাইয়ে যারা আটকে পড়ে থাকার জায়গা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য তিনি বিনামূল্যে থাকার ব্যবস্থা করবেন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওবার্তায় সোনু সুদ জানান, যারা চলমান এই সংকটের ফলে দুবাইতে আটকে রয়েছেন এবং থাকার জায়গার অভাবে ভুগছেন, তারা যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আশ্বাস প্রদান করেন যে, যতদিন না তারা নিজেদের দেশে ফিরে যেতে পারেন, ততদিন পর্যন্ত তারা তার সহায়তায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করবে।
সোনু সুদ স্পষ্টভাবে জানিয়েছেন, তার সহায়তা শুধু ভারতীয়দের জন্য সীমাবদ্ধ নয়। যেকোনো দেশের নাগরিক, যারা দুবাইয়ে আটকে আছেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। একটি ভিডিওতে তিনি বলেন, “যে কোনও জাতির মানুষ যদি দুবাইয়ে আটকে থাকে, আমাকে ডিএম করুন। আমরা তাদের থাকার ব্যবস্থা করে দেব।”
উল্লেখ্য, সম্প্রতি ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশ পথগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে, দুবাইয়ের মতো বৃহৎ ট্রানজিট কেন্দ্রে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত হয়ে গেছে, যার ফলে হাজারও যাত্রী বিপদে পড়েছে।