পবিত্র উল্টো রথযাত্রা উপলক্ষে দীঘার শ্রীজগন্নাথ মন্দিরে ভক্তি, নৃত্য ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে আয়োজিত হলো জাতীয় নৃত্য উৎসব ‘রথঅঞ্জলি ২০২৬’। উৎসবের পরিচালক ড. মেঘদীপা দাস অধিকারীর সুদক্ষ তত্ত্বাবধানে এই ঐশ্বরিক উদ্যাপনটি এক অনন্য মাত্রা লাভ করে। অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু শিশু ও শিক্ষার্থী উৎসাহের সাথে অংশগ্রহণ করে তাদের নৃত্যকলা প্রদর্শন করে।
এই বিশেষ মঞ্চে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের প্রাক্তন কৃতি ছাত্রী এবং বিশিষ্ট নৃত্যশিল্পী পারমিতা দেবনাথ গুহ রায়কে মর্যাদাপূর্ণ ‘শ্রী নন্দীঘোষ সম্মান ২০২৬’ প্রদান করে সম্মানিত করা হয়। এই পবিত্র তিথিতে মহাপ্রভু জগন্নাথ দেবের চরণে ভক্তিপূর্ণ নৃত্য নিবেদনও করেন তিনি। শুধু তাই নয়, অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অন্যান্য বহু গুণী গুরুদেরও (নৃত্যগুরু) এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
এই পরম সৌভাগ্য লাভ করে আবেগাপ্লুত শিল্পী পারমিতা দেবনাথ গুহ রায় বলেন, “আজ নিজেকে সত্যিই ধন্য মনে করছি। উল্টো রথযাত্রার এই শুভক্ষণে মহাপ্রভু জগন্নাথের সামনে নৃত্য পরিবেশন করার এই অনবদ্য সুযোগ করে দেওয়ার জন্য ড. মেঘদীপা ম্যামকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”কোমলমতি শিশুদের প্রাণবন্ত নৃত্য, গুণী গুরুদের উপস্থিতি এবং শিল্পীর সম্মাননা প্রদান অনুষ্ঠানটি উপস্থিত সকল দর্শক ও পুণ্যার্থীদের গভীরভাবে মুগ্ধ করেছে।