রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) কোটি কোটি গ্রাহকের গোপন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাইবার সিকিউরিটি রিসার্চারদের দাবি, একটি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ গ্রাহকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে ডার্ক ওয়েব ফোরামে বিক্রির জন্য তুলে ধরেছে।
রিপোর্ট অনুযায়ী, লিক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ফোন নম্বর, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর, আধার ও প্যান কার্ডের বিস্তারিত বিবরণসহ গুরুত্বপূর্ণ KYC তথ্য। প্রাথমিক অনুমান, ব্যাঙ্কের মূল সিস্টেম সুরক্ষিত থাকলেও কোনো থার্ড-পার্টি ভেন্ডর বা থার্ড-পার্টি সার্ভার গলিয়ে এই তথ্য চুরি করা হয়ে থাকতে পারে।
গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দেশের সাইবার নিরাপত্তা সংস্থা ‘CERT-In’ এবং সাইবার সেল তদন্ত শুরু করেছে।
গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা:
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও সাইবার বিশেষজ্ঞরা গ্রাহকদের আতঙ্কিত না হয়ে দ্রুত সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। গ্রাহকদের অবিলম্বে নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের পাসওয়ার্ড এবং কার্ডের ATM PIN বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অচেনা নম্বর থেকে আসা ফোন বা লিঙ্ক এড়িয়ে চলা এবং মোবাইল ও মোবাইলে আসা ওটিপি (OTP) বা পিন কাউকে না শেয়ার করার কড়া বার্তা দেওয়া হয়েছে।