কাশ্মীরের শিল্পী, সংগীতশিল্পী ও লেখকেরা বর্তমানে আর্থিক সংকট, সরকারি উদাসীনতা এবং চাকরির সুযোগের অভাবের কারণে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। এই দীর্ঘস্থায়ী সংকট থেকে পরিত্রাণ পেতে, এবার সরকারের সরাসরি হস্তক্ষেপ এবং শিল্পীদের জন্য আলাদা কল্যাণনীতি প্রণয়নের দাবি তুলেছেন তারা।
শনিবার শ্রীনগরে ‘আওয়াজ অ্যান্ড কালেক্টিভ ভয়েস অব আর্টিস্টস ২০২৬’ শীর্ষক একটি দিনব্যাপী সম্মেলনে উপত্যকার বিশিষ্ট শিল্পীরা তাদের সমস্যাগুলি তুলে ধরেন। খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার উস্তাদ ওয়াহিদ জিলানির আয়োজন করা এই সম্মেলনে গায়ক, বাদক, লেখকসহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ওয়াহিদ জিলানি জানান, কাশ্মীরে এমন অনেক শিল্পী আছেন, যারা নিজেদের সন্তানদের স্কুলের বেতন দিতে পারছেন না। তাছাড়া পরিবারের কোন সদস্যের মৃত্যুর পর যথাযথভাবে শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় অর্থও তাদের নেই, যা এক লাখ টাকার মত হতে পারে। টাকা জোগাড় করাও তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়ছে। তাঁর মতে, গত এক দশক কাশ্মীরের শিল্পীদের জীবনে সবচেয়ে কঠিন সময়।
শিল্পীদের অভিযোগ, সরকারি উদাসীনতার পাশাপাশি দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর মতো সরকারি সম্প্রচারমাধ্যমে তাঁদের কাজের সুযোগ ও গুরুত্ব ক্রমশ কমছে। ফলে উপত্যকার সৃজনশীল শিল্পজগতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্মেলন থেকে শিল্পীদের জন্য পৃথক কল্যাণনীতি, সরকারি প্রতিষ্ঠানগুলির জবাবদিহি এবং সাংস্কৃতিক ক্ষেত্রের আর্থিক সহায়তার দাবি জানানো হয়। পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার জন্য শিল্পীদের প্রতিনিধিত্বকারী একটি মূল কমিটি গঠনের প্রস্তাবও নেওয়া হয়েছে।