বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের ‘Châtaigniers en fleurs’ (চেস্টনাট ট্রিজ ইন ব্লসম) ছবিটি নিলামে অবিশ্বাস্য ১৯০.৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬০০ কোটি টাকার সমতুল্য। বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত সোথেবি’স-এর নিলামে এই ছবিটির বিক্রয়টি ভ্যান গঘের পূর্ববর্তী নিলাম রেকর্ড ১১৭.২ মিলিয়ন ডলারের রেকর্ডকে অতিক্রম করেছে।
এই ছবিটি ভ্যান গঘ ১৮৯০ সালে, তাঁর জীবনের শেষ দুই মাসে আঁকেন। এটি তাঁর জীবনের শেষের দিকের একটি গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হিসেবে গণ্য করা হয় এবং দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সংগ্রহে ছিল।
কিন্তু নিলামের পূর্বে ছবিটির মালিকানা নিয়ে কিছু বিতর্ক দেখা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে নাৎসি শাসনের সময় আর্থিক সংকটের কারণে জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশারের পরিবার এই ছবি বিক্রি করতে বাধ্য হয়েছিল বলেছে তাঁর উত্তরসূরিরা। তাঁদের অভিযোগ, নাৎসি নিপীড়নের কারণে পরিবারটি ব্যবসায়িক ক্ষতি ঘটেছিল এবং সেই পরিস্থিতির মধ্যে ছবিটি বেচতে হয়েছিল। বিক্রি করা হয়েছিল।
নিলামের কয়েক ঘণ্টা আগে ফিশার পরিবারের উত্তরাধিকারী এবং বর্তমান মালিক ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের মধ্যে সমঝোতা হয়। সোথেবি’স জানায়, হলোকাস্টের সময় ফিশার পরিবারের দুর্ভোগ ও ছবিটির জটিল ইতিহাসকে স্বীকৃতি দিয়েই এই সমাধানসূত্রে পৌঁছনো হয়েছে।
১৯০৯ সালে স্যামুয়েল ফিশার ছবিটি সংগ্রহ করেন। পরবর্তীতে একাধিক মালিকের হাত ঘুরে ১৯৭৫ সালে ব্লাকিয়ের পরিবারের কাছে যায় শিল্পকর্মটি। নিলামে ছবিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ১৮০ মিলিয়ন ডলার। শেষ পর্যন্ত কে ছবিটি কিনেছেন, তা প্রকাশ করা হয়নি।