গড়াই তীরে শিল্পী সংঘ

কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট গ্রামে অশ্রু আর্কাইভের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হিজলাবট আর্টক্যাম্প ২০২৬’। গড়াই নদীর তীরে হিজলাবট ডেইরী এন্ড এগ্রি ফার্মে ১২ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এই ক্যাম্প শেষ হয়েছে ১৪ নভেম্বর। কিউরেটর ছিলেন শাওন আকন্দ, সহযোগী কিউরেটর রেজাউর রহমান

বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদী আর খালের মধ্যে গড়াই অন্যতম। এই নদীর তীরেই হিজলাবটের বসতি, একটি প্রাচীন জনপদ। উনিশ শতকে এখানে নীলকুঠি ও নীল কারখানা গড়েছিলেন ইউরোপীয় নীলকরেরা। শিক্ষাবিদ হেরম্বচন্দ্র মৈত্রেয়, অভিনেত্রী কানন দেবী ও লেখক-আলোকচিত্রী ইনাম-আল হকের নামের সঙ্গেও জড়িয়ে আছে হিজলাবট। নদীভাঙনে গ্রামের বেশির ভাগ অংশ বিলীন হয়ে গেলেও পরিত্যক্ত নীলকুঠিটি এখনো টিকে আছে। এই নির্জন গ্রামের একটি গরুর খামারেই বসেছিল আর্টক্যাম্প।

এখানকার মানুষের জীবন, ঐতিহ্য আর ইতিহাসের গল্প শিল্পীরা জলরঙে ক্যানভাসে ধরে রাখতে চেয়েছিলেন। প্রান্তিক এই জনপদের মেঠো পথ, বুনোহাঁস, নদীর পাড়ে দাঁড়িয়ে খেয়ানৌকার আনাগোনা দেখা, সবই উঠে এসেছিল তাঁদের ছবিতে। গ্রামের সাধারণ মানুষের দলে মিশে গিয়ে তাঁরা স্বতঃস্ফূর্ততার ভেতর দিয়ে নিজেদের আবিষ্কার করেছিলেন এবং শিল্পকে পৌঁছে দিয়েছিলেন সাধারণের কাছে। যাপনেও ছিল সাধুরীতির সরলতা। 

কুষ্টিয়া অঞ্চলের সাংস্কৃতিক আবহে কয়েক দিন কাটিয়ে শিল্পীরা হিজলাবটের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতিকে বিষয় করে কাজ করেছিলেন। মাধ্যম ছিল জলরঙ, স্থাপনাশিল্প, ক্যানভাস ও সায়ানোটাইপ।
রাজু সরকার গড়াই নদীর তীরে পাটকাঠি ও বাঁশ দিয়ে তৈরি করেছিলেন স্থাপনা ‘দাদন’। আলিফ জলরঙে হিজলাবটের ইতিহাস এঁকেছিলেন। পাশাপাশি ‘The Distance That Connect’ শিরোনামের স্থাপনায় তিনি তুলে এনেছিলেন নীল চাষের নির্মম ইতিহাস। রেজাউর রহমান, কাজী শাহীন, রামীজ আফরোজ শাহী ও রাশেদুল কবিরের ছবিতে উঠে এসেছিল হিজলাবটের আদি ইতিহাস। জ্যোতি ও তানজুম নাহার পর্ণা সায়ানোটাইপ মাধ্যমে মরমী সাধক লালন সাঁইয়ের প্রতিকৃতিসহ কিছু নিরীক্ষাধর্মী কাজ করেছিলেন।

এবারের আর্টক্যাম্পে ডকুমেন্টরি ফিল্ম ও শিল্পকর্ম নিয়ে শিল্পীদের নিজ নিজ অবস্থানের দিকগুলো নিয়ে মুক্ত আলোচনা হয়েছিল। গ্রামবাসীর শিল্পকর্ম উপভোগের  জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থার ছিলো ক্যাম্প প্রাঙ্গণে এবং তা গড়াই নদীর তীরে প্রকৃতির মাঝে।

কয়েকটি দিন গ্রামের মানুষের সঙ্গে থেকে শিল্পীরা স্থানীয় জনগোষ্ঠী ও শিল্পের মধ্যে আন্তরিক সংযোগ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। সামাজিক সম্পৃক্ততার মাধ্যম হিসেবে শিল্পকে ব্যবহার করাই ছিল এই ক্যাম্পের মূল বার্তা।

ক্যাম্পে অংশ নিয়েছিলেন ২০ জন শিল্পী। তাঁরা ছিলেন আলী মোর্তুজা (জ্যাকি), মো: ইশরাক আলম (আলিফ), হেমায়েত হিমু, জ্যোতি, কাজী শাহীন, কিরিটি সাহা, নজরুল হোসেন নয়ন, মুহা: রামীজ আফরোজ শাহী, রাশেদুল কবির, রাজু সরকার, রেজাউর রহমান, তানজুম নাহার পর্ণা, শাওন আকন্দ, পলি লায়লা, অনন্ত কুমার দাস, জান ই আলম চঞ্চল, বায়েজিদ সোহাগ, সাকিব সরকার, আমেনা, ও আবু রাশেদ কিরণ।

রেজাউর রহমান
চিত্র শিল্পী ও লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *