জাতীয় জুনিয়র শিল্প প্রদর্শনীর শুভ সূচনা কলকাতায়

গতকাল অর্থাৎ ১২ই জুন শিল্পচর্চার মাধ্যমে আগামী প্রজন্মের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত “ন্যাশনাল লেভেল জুনিয়র্স’ আর্ট এক্সিবিশন ২০২৬”-এর প্রথম দিনের অনুষ্ঠান আজ কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় উৎসাহ, উদ্দীপনা ও শিল্পসত্তার এক মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর শ্রী মনবেন্দ্র সরকার। তাঁর উপস্থিতি প্রদর্শনীকে এক বিশেষ মর্যাদা প্রদান করে এবং তরুণ শিল্পীদের জন্য হয়ে ওঠে এক অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও অলংকরণ শিল্পী অধ্যাপক ইন্দ্রজিৎ নারায়ণ এবং প্রবীণ শিল্পী শ্রী সুশান্ত সরকার। তাঁদের মূল্যবান উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদর্শনীকে আরও সমৃদ্ধ করে তোলে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কিশোর ও তরুণ শিল্পীদের সৃষ্ট শিল্পকর্মে সজ্জিত এই প্রদর্শনীতে ফুটে উঠেছে তাঁদের কল্পনাশক্তি, সৃজনশীলতা, শিল্পবোধ এবং সমাজ ও প্রকৃতিকে দেখার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি। জলরং, অ্যাক্রিলিক, প্যাস্টেল, স্কেচ, মিশ্র মাধ্যমসহ নানা ধরনের শিল্পমাধ্যমে নির্মিত অসংখ্য চিত্রকর্ম দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।প্রদর্শনীর প্রথম দিন থেকেই শিল্পপ্রেমী দর্শক, অভিভাবক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিরা তরুণ শিল্পীদের কাজের উচ্চমানের প্রশংসা করেন এবং তাঁদের ভবিষ্যৎ শিল্পজীবনের জন্য শুভকামনা জানান। অনেকেই মনে করেন, এ ধরনের জাতীয় স্তরের প্রদর্শনী নবীন শিল্পীদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তঃরাজ্য সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো শিশু ও কিশোর শিল্পীদের সৃজনশীল বিকাশের জন্য একটি বৃহত্তর মঞ্চ তৈরি করা, যেখানে তাঁরা নিজেদের শিল্পকর্ম জাতীয় পর্যায়ে প্রদর্শনের সুযোগ পাবে এবং অন্যান্য প্রতিভাবান শিল্পীদের সঙ্গে ভাবনার আদান-প্রদান করতে পারবে।উল্লেখ্য, এই জাতীয় স্তরের শিল্প প্রদর্শনীটি আগামী ১৫ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আয়োজকরা সকল শিল্পপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষকে এই প্রদর্শনী পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত বিশিষ্ট অতিথি, অংশগ্রহণকারী শিল্পী, শিক্ষক, অভিভাবক এবং দর্শনার্থীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের সক্রিয় সহযোগিতা ও উৎসাহেই প্রথম দিনের অনুষ্ঠান সফল ও স্মরণীয় হয়ে উঠেছে বলে আয়োজকরা জানান।শিল্প, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের স্বপ্নকে একসূত্রে বেঁধে “ন্যাশনাল লেভেল জুনিয়র্স’ আর্ট এক্সিবিশন ২০২৬” ইতিমধ্যেই শিল্পমহলে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে। আগামী দিনগুলিতেও এই প্রদর্শনী শিল্পপ্রেমীদের কাছে সমানভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *