বাংলার লোকসংগীতের ঐতিহ্যকে সংরক্ষণে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন নরওয়ের কবি, আলোকচিত্রী ও গবেষক উয়েরা সেথে। তাঁর উদ্যোগে বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় সৃষ্টি হয়েছে নয়টি গ্রামীণ সংগীত শিক্ষাকেন্দ্র, যেখানে প্রায় ৬০০ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে শিখছেন বাংলা লোকগান ও বাদ্যযন্ত্র।
সেথের বাংলার লোকসংগীতের প্রতি ভালোবাসার শুরু হয় ১৯৯৮ সালে, যখন তিনি বন্যাকবলিত কুড়িগ্রামের একটি নদীর দ্বীপে স্থানীয় নারীদের কণ্ঠে লোকগান শুনে গভীরভাবে প্রভাবিত হন। এই অভিজ্ঞতা তাঁকে বাংলার লোকসংস্কৃতি রক্ষার উদ্যোগ গ্রহণে উৎসাহিত করে। সেই ভাবনা সফলভাবে বাস্তবায়িত করতে ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘মায়ের তরী গুরুগৃহ’। এর মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করে গ্রামীণ শিশুদের জন্য সংগীত শিক্ষার সুযোগ তৈরি করা এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে পৌঁছে দেওয়া।মের পর প্রজন্ম ধরে বাংলার সুর ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা।
এই শিক্ষাকেন্দ্রগুলিতে শিশুরা লালন, বাউল, ভাওয়াইয়া, মারফতি ও মুর্শিদি গানের পাশাপাশি তবলা, বাঁশি, একতারা ও দোতারার মতো দেশীয় বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ পাচ্ছে।উদ্যোগটির ইতিবাচক প্রভাবও ইতিমধ্যে স্পষ্ট। কয়েকজন শিক্ষার্থী সংগীত নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়েছে। কেউ কেউ আঞ্চলিক বেতারকেন্দ্রে সংগীত পরিবেশনের সুযোগও পেয়েছে। বাংলার লোকসংগীতকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার এই উদ্যোগ তাই শুধু সংগীতশিক্ষা নয়, সংস্কৃতি সংরক্ষণেরও এক অনন্য দৃষ্টান্ত।