সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গ্যাংটকে বর্ণাঢ্য ‘সিকিম ফেস্টিভ্যাল ২০২৬’

পাহাড়ি রাজ্য সিকিমের নিজস্ব সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং শিল্পকলাকে এক ছাতার তলায় তুলে ধরার উদ্যোগে বর্ণাঢ্য হয়ে উঠল গ্যাংটকের সাংস্কৃতিক অঙ্গন। নৃত্য, সঙ্গীত ও সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে গত ১৫ নভেম্বর ২০২৬, মানন কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘সিকিম ফেস্টিভ্যাল ২০২৬’। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ওয়েস্ট পেন্ডাম কেন্দ্রের বিধায়ক লাল বাহাদুর দাস, নির্মলা দেবী ফাউন্ডেশনের রাহুল আগরওয়াল, আর্ট, কালচার অ্যান্ড হেরিটেজ বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় দিপালি রাই, ডান্স, ড্রামা, মিউজিক অ্যান্ড ফিল্ম বোর্ডের চেয়ারম্যান তাশি শেরিং ভুটিয়া এবং কালচার বোর্ডের চেয়ারপার্সন ভিম কুমারী শর্মা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতি দপ্তরের ওএসডি ভবানী শঙ্কর ঘিমিরে, অল সিকিম ডান্স ইনস্টিটিউটস অ্যাসোসিয়েশনের সভাপতি সুষমা ছেত্রী, সমাজকর্মী কৃষ্ণ ছেত্রী, সেন্ট্রাল পেন্ডামের জেলা পঞ্চায়েত সদস্য বিবেক ছেত্রী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ড. মনোজ রাই এবং বিন্দিয়া বিশ্বকর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত এবং পরিষদের বিশিষ্ট সদস্যা মঞ্জরী রায়।

এরপর একের পর এক মনোজ্ঞ পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়াম। সিকিমের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা নৃত্য, সঙ্গীত ও নানা সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভার পরিচয় দেন। তাঁদের পরিবেশনায় উঠে আসে রাজ্যের বৈচিত্র্যময় লোকসংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পসত্তার নানা দিক। স্থানীয় সংস্কৃতির সঙ্গে আধুনিক মঞ্চ উপস্থাপনার মেলবন্ধন দর্শকদের জন্য তৈরি করে এক উপভোগ্য অভিজ্ঞতা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঞ্জরী রায় ও বিজয় ধিতাল। তাঁদের সাবলীল উপস্থাপনায় প্রতিটি পর্ব সুন্দরভাবে এগিয়ে চলে।

এই বৃহৎ আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন প্রধান সমন্বয়কারী নীতু ধামালা। তাঁকে সহযোগিতা করেন চাঁদনি প্রধান, যোগেশ ধামালা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
সিকিম ফেস্টিভ্যাল ২০২৬ প্রমাণ করল, সংস্কৃতি কেবল ঐতিহ্যের ধারক নয়, মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ ও সম্প্রীতি গড়ে তোলারও এক শক্তিশালী মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *