বদলে গেল তারাপীঠের নিয়ম! আর ছোঁয়া যাবে না মা তারাকে

তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) পুজো দেওয়ার নিয়মে এক ঐতিহাসিক বদল আনা হল। এবার থেকে আর কোনও সাধারণ ভক্ত গর্ভগৃহে প্রবেশ করে মা তারার শ্রীবিগ্রহ স্পর্শ করতে পারবেন না। বহুকাল ধরে চলে আসা এই রীতিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কমিটি। সুরক্ষাজনিত কারণ এবং ভিড় সামাল দিতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ পুণ্যার্থীদের দূর থেকেই মায়ের দর্শন সারতে হবে। ভক্তদের আনা পুজো ও ভোগ সামগ্রী মায়ের চরণে নিবেদন করার জন্য গর্ভগৃহের বাইরে একটি বিশেষ পিতলের পাত্র রাখা হয়েছে। সেবাইতরা ভক্তদের থেকে ডালি ও ফুল নিয়ে সেই পাত্রে রাখবেন এবং মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। গর্ভগৃহে কেবল দায়িত্বপ্রাপ্ত সেবাইতদেরই প্রবেশের অধিকার থাকবে।

মন্দির প্রশাসনের আশা, এই নতুন ব্যবস্থার ফলে উৎসব বা ছুটির দিনগুলিতে উপচে পড়া ভিড় অনেক সহজে এবং শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে বছরের পর বছর ধরে চলে আসা স্পর্শ করার রীতি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় বহু ভক্তের মনে কিছুটা মনখারাপের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *