রাজকোষ ঘাটতি সামাল দিতে এবং সেবি (SEBI)-র নিয়ম মেনে চলতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)-সহ দেশের মোট ৮টি প্রথম সারির রাষ্ট্রায়ত্ত সংস্থার (PSU) শেয়ার বাজারে ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে অর্থমন্ত্রক। মূলত ‘অফার ফর সেল’ (OFS) পদ্ধতির মাধ্যমে এই অংশীদারি বিক্রি করা হবে।
অর্থনৈতিক মহল সূত্রে খবর, চলতি আর্থিক বছরে সরকারের বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকা। ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেল ও সারের দাম বাড়ায় সরকারের ওপর আর্থিক চাপ বেড়েছে। সেই ঘাটতি মেটাতেই এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত। পাশাপাশি, সেবির নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত সংস্থায় পাবলিক শেয়ারহোল্ডিং অন্তত ২৫% হওয়া বাধ্যতামূলক। LIC-র ক্ষেত্রে ২০২৭ সালের মে মাসের মধ্যে সরকারি অংশীদারি ৯০%-এ নামিয়ে আনতে হবে। সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করতেই ধাপে ধাপে শেয়ার ছাড়ছে কেন্দ্র।
তালিকায় রয়েছে কোন কোন সংস্থা?
এই বিলগ্নীকরণ প্রক্রিয়ায় সবচেয়ে বড় আকর্ষণ LIC। কেন্দ্র এই বিমা সংস্থার প্রায় ১.৫% থেকে ২% স্টেক বিক্রি করে বাজার থেকে প্রায় ১০,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করছে। এছাড়া তালিকায় রয়েছে হিন্দুস্তান জিঙ্ক (Hindustan Zinc)। পাশাপাশি, আইডিবিআই ব্যাংক (IDBI Bank)-এর কৌশলগত অংশীদারি বিক্রির পাশাপাশি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ইউকো ব্যাংকেরও সরকারি শেয়ার বাজারে ছাড়া হতে পারে।
বাজার বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে বিপুল পরিমাণ সরকারি শেয়ার বাজারে আসার ফলে সংশ্লিষ্ট PSU শেয়ারগুলির দামে সাময়িক পতন বা অস্থিরতা দেখা দিতে পারে। তবে সাধারণত এই ধরনের সরকারি অফারে (OFS) শেয়ারের দাম বর্তমান বাজার মূল্যের চেয়ে কিছুটা কম বা ডিসকাউন্টে রাখা হয়। ফলে সাধারণ ও খুচরো বিনিয়োগকারীদের কাছে কম দামে LIC-র মতো শক্তিশালী সংস্থার শেয়ার পোর্টফোলিওতে যোগ করার এটি একটি ভালো সুযোগ হতে পারে।