ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং কোনো সরকারি আর্থিক অনুদান ছাড়াই মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বেসরকারি রকেট ‘বিক্রম-১’ (Vikram-1)। হায়দরাবাদ ভিত্তিক মহাকাশ গবেষণা স্টার্ট-আপ ‘স্কাইরুট অ্যারোস্পেস’ (Skyroot Aerospace)-এর তৈরি এই রকেটটি ভারতের মহাকাশ বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।আগামীকাল অর্থাৎ 18 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল সাড়ে 11 টায় এই রকেটটিকে উৎক্ষেপণ করা হবে।
মহাকাশ বিজ্ঞানের জনক ড. বিক্রম সারাভাইয়ের নামানুসারে তৈরি এই রকেটটির মূল বৈচিত্র্য হলো এর আধুনিক প্রযুক্তি।
রকেটের মূল আকর্ষণ ও বৈশিষ্ট্য:
বিক্রম-১ রকেটে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ থ্রি-ডি প্রিন্টেড লিকুইড ইঞ্জিন এবং হালকা ও শক্তপোক্ত কার্বন ফাইবার বডি।
এই প্রযুক্তির ফলে অত্যন্ত কম খরচে এবং মাত্র ২৪ ঘণ্টার নোটিশে রকেটটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা সম্ভব।
বাণিজ্যিক উপগ্রহ পরিবহন: পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) ছোট ও মাঝারি আকারের বাণিজ্যিক উপগ্রহ পৌঁছে দেওয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে তৈরি হলেও, দেশের জাতীয় মহাকাশ সংস্থা ‘ইসরো’ (ISRO) এবং নিয়ামক সংস্থা ‘ইন-স্পেস’ (IN-SPACe) তাদের লঞ্চপ্যাড ও প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহারের অনুমতি দিয়ে এই ঐতিহাসিক অভিযানে শামিল হয়েছে।
এর আগে ২০২২ সালে ‘বিক্রম-এস’ রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে চমক দিয়েছিল স্কাইরুট। এবার বিক্রম-১-এর মূল কক্ষপথের মিশনটি সফল হলে, বিশ্ব বাজারে এলন মাস্কের ‘স্পেস-এক্স’-এর মতোই ভারতের বেসরকারি মহাকাশ শিল্প এক বিশাল প্রতিযোগী হিসেবে উঠে আসবে।