গত ২১শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখে নৈহাটী ঐকতান প্রেক্ষাগৃহে ‘ছন্দে ছন্দে হালিশহর’ সংস্থার উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত হয়ে গেল একটি অনন্য সাধারণ ধ্রুপদী নৃত্য উৎসব ‘উৎকর্ষ’। পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত কিংবদন্তি নৃত্যগুরু ড. সরোজা বৈদ্যনাথন-এর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মনে এক গভীর ও চিরস্থায়ী রেখাপাত করেছে।
অনুষ্ঠানটির উৎসব পরিচালক সুমিতা ভট্টাচার্য-এর দক্ষ পরিচালনায় সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই উৎসব ছিল এক কথায় অনবদ্য ও নান্দনিকতায় ভরপুর। প্রেক্ষাগৃহে সাধারণ দর্শক হিসেবে উপস্থিত থেকে আমরা এই পরম আনন্দময় ও গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী হতে পারা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার ছিল। উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের প্রথিতযশা শিল্পীরা তাঁদের অসাধারণ নৃত্যশৈলী প্রদর্শন করেন। মঞ্চে একে একে অনন্য পারদর্শিতা দেখান গুণী নৃত্যশিল্পী: নিলয় মণ্ডল, সৌরভ দাস, সৌম্য নাগ, দেবরাজ ভট্টাচার্য, তনয় হালদার এছাড়াও আয়োজক সংস্থা ‘ছন্দে ছন্দে হালিশহর’-এর শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনাটি ছিল এককথায় অসাধারণ।
প্রতিটি পরিবেশনার মধ্যে গুরু ড. সরোজা বৈদ্যনাথনের ছন্দ, তাঁর দূরদর্শী ভাবনা এবং চিরন্তন অনুপ্রেরণা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। শিল্পীদের নিখুঁত মুদ্রা, চমৎকার অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তির মেলবন্ধনে পুরো প্রেক্ষাগৃহ জুড়ে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রতিটি পরিবেশনার শেষে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠছিল সম্পূর্ণ প্রেক্ষাগৃহ। ধ্রুপদী নৃত্যের এমন উচ্চমানের ও সুশৃঙ্খল পরিবেশনা দীর্ঘদিন দর্শকদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। সব মিলিয়ে এটি ছিল একটি অত্যন্ত সফল এবং মনমুগ্ধকর অনুষ্ঠান।