পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে এক বিরাট বদলের সম্ভাবনা তৈরি করে আসানসোলে একটি বড় অ্যালুমিনিয়াম কারখানা এবং বিদ্যুৎ প্রকল্প গড়ার আগ্রহ প্রকাশ করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ধাতু ও খনি শিল্প গোষ্ঠী— বেদান্ত (Vedanta Group)। এই প্রকল্পে প্রায় ৭০,০০০ থেকে ৮০,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে বেদান্তের। এর ফলে রাজ্যে প্রায় ১০ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্য সচিবালয় নবান্নে এসে মুখ্যমন্ত্রী ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল (Anil Agarwal)। এই বৈঠকেই বাংলায় বড় ধরনের লগ্নি করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কয়লার সহজ লভ্যতা এবং প্রয়োজনীয় শিল্প পরিকাঠামো থাকায় আসানসোলকেই এই প্রকল্পের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে বেদান্ত। জানা গিয়েছে, আসানসোলে ওই গোষ্ঠীর প্রায় ৩০০ একর জমিও রয়েছে। তবে পুরো কারখানাটি গড়ে তুলতে আরও জমির প্রয়োজন হতে পারে, যা খতিয়ে দেখা হচ্ছে। অ্যালুমিনিয়াম উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রেও লগ্নি করার কথা ভাবছে এই শিল্পগোষ্ঠী। সবমিলিয়ে দুই ক্ষেত্র মিলিয়ে মোট বিনিয়োগ ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে। এই বিশাল অঙ্কের বিনিয়োগের জেরে আসানসল ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় ১০,০০০ বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নবান্নের বৈঠকে প্রাথমিক আলোচনা ইতিবাচক হলেও প্রকল্পগুলির সম্ভাব্যতা যাচাই (Feasibility Study), আনুষঙ্গিক অনুমোদন এবং পরিকাঠামো খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বেদান্ত চেয়ারম্যান। সব ঠিকঠাক থাকলে আগামী দিনে পশ্চিমবঙ্গের শিল্প ও অর্থনীতিতে এটি একটি অন্যতম বড় পদক্ষেপ হতে চলেছে।