ট্রেনে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করতে এক বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। ‘জন বিশ্বাস (সংশোধন) আইন, ২০২৬’-এর অধীনে ট্রেন ও স্টেশন চত্বরে বিভিন্ন অপরাধের জন্য জরিমানার পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, যা ২০ জুন, ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টিকিট ছাড়া ভ্রমণ করলে ন্যূনতম ২৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা জরিমানা দিতে হবে (সঙ্গে যাতায়াতের আসল ভাড়াও যোগ হবে)। এই জরিমানা দিতে অস্বীকার করলে সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে।
অন্যান্য কঠোর সংশোধনের মধ্যে রয়েছে— ট্রেন বা স্টেশন চত্বরে ধূমপান, হকারি বা ভিক্ষাবৃত্তি করলে ২,০০০ টাকা জরিমানা। ট্রেনে মদ্যপ অবস্থায় থাকা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ১,০০০ টাকা জরিমানা করা হবে এবং ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি, মহিলাদের কামরায় পুরুষ যাত্রী যাতায়াত করলে ২,৫00 টাকা জরিমানা গুণতে হবে।
সবচেয়ে বড় জরিমানা ধার্য করা হয়েছে নিরাপত্তার ঝুঁকির ওপর। ট্রেনে গ্যাস সিলিন্ডার বা বাজি-পটকার মতো নিষিদ্ধ ও বিপজ্জনক বস্তু বহন করলে ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছর পর্যন্ত জেল হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, এই সমস্ত জরিমানা প্রতি তিন বছর অন্তর স্বয়ংক্রিয়ভাবে ১০% করে বৃদ্ধি পাবে। তাই অযথা হয়রানি ও বড় অঙ্কের জরিমানা এড়াতে রেল যাত্রীদের বৈধ টিকিট ও পরিচয়পত্র নিয়ে ভ্রমণের পরামর্শ দেওয়া হচ্ছে।