সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) নিয়ম মেনে চলতে ‘নবরত্ন’ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন (IRFC)-এর ২ শতাংশ শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করল ভারত সরকার। ‘অফার ফর সেল’ (OFS)-এর মাধ্যমে এই শেয়ার বিক্রি করা হচ্ছে।
এই অফারের আওতায় মোট ২৬.১৩ কোটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রতি শেয়ারের নূন্যতম মূল্য বা ফ্লোর প্রাইস ধার্য করা হয়েছে ১০৪ টাকা। এটি স্টকটির পূর্ববর্তী ক্লোজিং প্রাইসের তুলনায় প্রায় ৫ শতাংশ কম।
সেবির (SEBI) নিয়ম অনুযায়ী, যেকোনো তালিকাভুক্ত সংস্থায় পাবলিক শেয়ারহোল্ডিং বা সাধারণ মানুষের অংশীদারিত্ব অন্তত ২৫ শতাংশ হওয়া বাধ্যতামূলক (অর্থাৎ প্রোমোটার বা সরকারের অংশীদারিত্ব ৭৫ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে)। এই শেয়ার বিক্রির আগে IRFC-তে সরকারের অংশীদারিত্ব ছিল ৮৬.৩৬ শতাংশ। সেই কারণেই এই ডিভেস্টমেন্ট বা অংশীদারিত্ব কমানোর সিদ্ধান্ত।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (Institutional Investors) জন্য বরাদ্দ কোটার প্রায় ৯৫ শতাংশ বিড জমা পড়েছে। ফলে, সরকার অতিরিক্ত ২ শতাংশের ‘গ্রিনশু অপশন’ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং মোট শেয়ার বিক্রি মূল ২ শতাংশেই সীমাবদ্ধ রেখেছে। এই বিক্রির পর IRFC-তে সরকারের অংশীদারিত্ব কমে দাঁড়াবে প্রায় ৮৪.৩৬ শতাংশে।
বাজারে নতুন শেয়ার আসার খবরে ট্রেডিং ভলিউম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং IRFC-র শেয়ারের দাম ৪ শতাংশের বেশি পড়ে গিয়ে প্রায় ১০৪ টাকার ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে আসে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, সাময়িক এই দরপতন হলেও সংস্থার আর্থিক ভিত যথেষ্ট মজবুত। জিরো এনপিএ (0% NPA) এবং সুরক্ষিত লিজিং মডেলের কারণে দীর্ঘমেয়াদে আইআরএফসি-র ব্যবসায়িক অবস্থান স্থিতিশীল রয়েছে। তবে সেবির ৭৫ শতাংশের নিয়ম সম্পূর্ণ পূরণ করতে ভবিষ্যতে সরকারকে আরও শেয়ার বিক্রি করতে হবে।