শিলিগুড়িতে সর্বভারতীয়’র আয়োজিত শিল্প-সংস্কৃতির মহোৎসব

সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শিলিগুড়িতে শুরু হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। গতকাল ছিল এই উৎসবের সমাবর্তনের প্রথম দিন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প প্রদর্শনী মিলিয়ে গোটা পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
শিলিগুড়ির দীনবন্ধু হলে অনুষ্ঠিত হয় সমাবর্তন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে মঞ্চস্থ হয় নানা সাংস্কৃতিক পরিবেশনা। শত কণ্ঠে সমবেত সংগীত ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তিত্বের হাতে তুলে দেওয়া হয় ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, ‘সংস্কৃতির সৈনিক সম্মান’ এবং আরও অন্যান্য সাম্মানিক।
অন্যদিকে, শিলিগুড়ির রামকিঙ্কর এক্সিবিশন হলে শুরু হয়েছে শিল্প প্রদর্শনী। বিশিষ্ট অতিথি শ্রী মিলিন্দ মল্লিক প্রদর্শনীতে ফিতে কেটে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষ। প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি শিল্পকর্ম যেন দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। রঙ, ভাবনা ও সৃজনশীলতার অনন্য মেলবন্ধনে প্রদর্শনীটি ইতিমধ্যেই শিল্পপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
উল্লেখ্য, এই শিল্প প্রদর্শনী চলবে আগামী ২৩ মে পর্যন্ত। আজ অনুষ্ঠিত হয়েছে জুনিয়র শিল্পীদের অংশগ্রহণে জলরঙের চিত্রাঙ্কন কর্মশালা। আগামীকাল একই কর্মশালায় অংশ নেবেন সিনিয়র শিল্পীরা।
শিল্প, সাহিত্য, সংগীত ও সৃজনশীলতার এই মিলনমেলা যেন শিলিগুড়িবাসীর কাছে এক অন্যরকম সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *