ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণের অভিমুখে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হলো। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড’ (BHEL) এবং বেসরকারি রেল ইঞ্জিনিয়ারিং সংস্থা ‘টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড’ (TRSL) যৌথভাবে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে যৌথ উদ্যোগে গড়ে ওঠা যৌথ মূলধনী সংস্থা (JV) দেশের ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের দীর্ঘ ৩৫ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পরিচালনা করবে।
সংস্থা দুটির মধ্যে ৫০:৫০ অংশীদারিত্বে এই স্পেশাল পারপাস ভেহিকল (SPV) বা যৌথ সংস্থাটি গঠিত হয়েছে। প্রায় ২৪,০০০ কোটি টাকার ভারতীয় রেল প্রকল্পের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, নতুন এই ট্রেন সেট প্রস্তুতের পাশাপাশি আগামী সাড়ে তিন দশক ধরে ডিপো ও ট্রেনসেটগুলির সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে এই টিটাগড়-বিএইচইএল যৌথ জোটের হাতেই।
টিটাগড় রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উমেশ চৌধুরী এই যৌথ উদ্যোগকে ভারতীয় রেলের অগ্রগতিতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, “আত্মনির্ভর ভারতের স্বপ্নের সাথে সামঞ্জস্য রেখে যাত্রীদের নিরাপদ ও সময়োপযোগী পরিষেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত আমাদের টিম।”
রেল সূত্রে খবর, এই ট্রেনসেটগুলির কোচ তৈরির কাজ সম্পন্ন করার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট রেল ডিপো এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও যৌথভাবে পরিচালনা করা হবে। এর ফলে বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির দীর্ঘমেয়াদি ও নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত হবে।